img


একতানগরে ৯.৪৯ কোটি টাকার ‘রেন ফরেস্ট’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


        আইনেট  প্রতিনিধিঃ   সর্দার বল্লভভাই পটেলের ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে গুজরাটের নর্মদা জেলার একতানগরে পর্যটকদের জন্য নির্মিত ‘রেন ফরেস্ট’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াগাড়িয়া চেকপোস্টের কাছে নতুন গোরা সেতুর সংলগ্ন এলাকায় ৯.৪৯ কোটি টাকা ব্যয়ে ৪৭ হাজার বর্গমিটার জায়গা জুড়ে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি জনসাধারণের উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।শনিবার উদ্বোধনের পর গোটা প্রকল্প এলাকা ঘুরে দেখেন মোদী। প্রকল্পের অন্যতম আকর্ষণ প্রায় ২২০ মিটার দীর্ঘ কাচের মেঝে-সহ স্কাইওয়াক সেতু পেরিয়ে রেন ফরেস্টের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তিনি। সেখানে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ ও উদ্ভিদ সম্পর্কে নর্মদা নিগমের চেয়ারম্যান মুকেশ পুরী এবং স্ট্যাচু অব ইউনিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিত অরোরার কাছ থেকে বিস্তারিত তথ্য নেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি।একতানগরে গড়ে ওঠা এই রেন ফরেস্ট প্রকল্পে প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পরিবেশবান্ধব পর্যটনের সমন্বয় ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ভারতের পশ্চিমঘাট, হিমালয় এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বর্ষাবনে দেখা যায়, এমন বিভিন্ন চিরহরিৎ উদ্ভিদের প্রজাতি রোপণ করা হয়েছে। এর মাধ্যমে পর্যটকেরা বর্ষাবনের বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, বন সংরক্ষণ এবং স্থানীয় উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন।প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্যও একাধিক আকর্ষণ তৈরি করা হয়েছে। তার মধ্যে প্রায় ২২০ মিটার দীর্ঘ কাচের মেঝে-সহ স্কাইওয়াক সেতুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সেতুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে পর্যটকেরা অন্য দৃষ্টিকোণ থেকে রেন ফরেস্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এ ছাড়া ৫ থেকে ৮ মিটার উচ্চতার জলপ্রপাত, গোলাকার জলাশয় এবং তার সঙ্গে সংযুক্ত সেতুগুলি প্রকল্প এলাকার সৌন্দর্য বাড়াবে।প্রকল্পের প্রবেশপথে প্রাকৃতিক পাথর দিয়ে তৈরি ২০ ফুট উচ্চতা ও ৪০ ফুট চওড়া একটি তোরণ নির্মাণ করা হয়েছে। নর্মদার পাথর, ইট ও চুন দিয়ে তৈরি হাঁটার পথ, সারিবদ্ধ বৃক্ষ এবং বর্ষাবনের বিভিন্ন স্তরকে তুলে ধরা পরিকল্পিত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেবে।রেন ফরেস্টের ভিতরে একটি তথ্যকেন্দ্রও তৈরি করা হয়েছে। সেখানে মানচিত্র, ছবি, তথ্যসমৃদ্ধ প্রদর্শনী এবং কিউআর কোডের মাধ্যমে বর্ষাবনের বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ সম্পর্কে নানা তথ্য জানতে পারবেন পর্যটকেরা।শিশুদের জন্য রয়েছে বিশেষ খেলার জায়গা। সেখানে রক ক্লাইম্বিং ওয়াল, বিভিন্ন উচ্চতার স্লাইড, সিঁড়ি দিয়ে সংযুক্ত গাছের উপরে তৈরি ব্যালকনি এবং দোলনার ব্যবস্থা রাখা হয়েছে।এই প্রকল্পের মাধ্যমে একতানগরকে পরিবেশবান্ধব পর্যটন এবং প্রকৃতি-সংক্রান্ত শিক্ষার একটি বিশেষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।