
আইনেট প্রতিনিধিঃ নগর নির্বাচনে এনডিএ জোটে থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নিল বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে রবিবার সকালে রাজধানীর সরকারি অতিথিশালায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । মূলত বিজেপি এবং তিপ্রা মথার মধ্যে দ্বিপাক্ষিক স্তরে হয় এই বৈঠক।আইপিএফটির নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন না। বৈঠকে বিজেপি দলের পক্ষে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। অপরদিকে মথা দলের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা ,দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া এবং নেতৃত্ব প্রশান্ত সিনহা। দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ,ভিলেজ ভোটের মতো নগর ভোটেও বিজেপি , মথা এবং আইপিএফটি এনডিএ জোটের হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। বৈঠকে তিপ্রা মথাদলের পক্ষ থেকে একাধিক প্রস্তাব উত্থাপন করা হয়। এই প্রস্তাবগুলি নিয়ে বিজেপি দলে আলোচনা হবে। আলোচনার পর সোমবার রাতের মধ্যে আসন সমঝোতা ও অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান ,বৈঠকে একটি বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, নগর ভোটে এনডিএ জোটের হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করা হবে।