
আইনেট প্রতিনিধিঃ আসন্ন নগর ভোটের জন্য বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে ।তবে সর্বভারতীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া প্রার্থী তালিকা ঘোষণা করা সম্ভব নয়। দিল্লি থেকে সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। তিনি আরো জানান ,বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল। তাই প্রার্থী তালিকা ঘোষণা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন প্রয়োজন ।এর ফলেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলেও দিল্লির নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে ।প্রদেশ সভাপতি জানান, আমাদের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে । কিন্তু আমরা চাইলেই এখন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারব না। সাংগঠনিক বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি জানান, এটি একটি নিয়মিত সাংগঠনিক বৈঠক ।বৈঠকে রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের উপস্থিতি থাকার কথা রয়েছে ।নির্বাচনকে সামনে রেখে রণকৌশল প্রস্তুতি এবং সাংগঠনিক বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে।