
আইনেট প্রতিনিধিঃ চড়িলামের সেই বিতর্কিত দুর্ঘটনাপ্রবণ এলাকায় ফের ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন উভয় বাইকের চালক। দুর্ঘটনার পর তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, এই নির্দিষ্ট এলাকায় প্রায়শই একের পর এক পথ দুর্ঘটনা ঘটে চলেছে। বারবার দুর্ঘটনা ঘটলেও কেন এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনা রোধে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আরও তৎপরতা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এলাকায় কান পাতলেই শোনা যায়, বারবার দুর্ঘটনার কারণে স্থানটি যেন এক অভিশপ্ত দুর্ঘটনাস্থলে পরিণত হয়েছে। একের পর এক দুর্ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। আর কত দুর্ঘটনা ঘটলে টনক নড়বে প্রশাসনের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে।
চড়িলামের এই দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।