
আইনেট প্রতিনিধিঃ গোপাল জি মণিপুরী কলাক্ষেত্রের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রানিরবাজারের বৃদ্ধিনগর মণিপুরী এলাকায় এক বর্ণাঢ্য মণিপুরী নৃত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী মণিপুরী সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কালচার অ্যাডভাইজারি বোর্ডের সদস্য সেনাম দীপক কুমার সিংহ, সমাজসেবী রাজেশ ভুবী এবং অমর ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের বিশিষ্ট মৃদঙ্গ বাদক রঞ্জিত শর্মা।
অনুষ্ঠানে রাজ্যের দুই বিশিষ্ট মৃদঙ্গ বাদককে তাঁদের শিল্পসাধনা ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক রতন চক্রবর্তী মণিপুরী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগেও যাঁরা নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও পরম্পরাকে ধরে রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁরা সত্যিই প্রশংসার দাবিদার। ভারতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে মণিপুরী সমাজের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি কলাক্ষেত্র ও মন্দিরের উন্নয়ন এবং মণিপুরী সমাজের প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের বিধায়ক তহবিল থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আগামী দিনেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেন বিধায়ক।