img


দীপাবলিতে মোমের চাহিদা থাকলেও মন্দার মুখে সরকারি অনুমোদনপ্রাপ্ত মোম প্রস্তুতকারকরা, অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি


আইনেট  প্রতিনিধিঃ   আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে বাজারে মোমের চাহিদা থাকলেও প্রত্যাশিত ব্যবসা করতে পারছেন না সরকারি অনুমোদনপ্রাপ্ত মোম প্রস্তুতকারকরা। তাঁদের অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন বাড়িঘরে ছোট ছোট পরিসরে মোম তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। এর ফলে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী মোম প্রস্তুতকারকদের ব্যবসায় ব্যাপক প্রভাব পড়ছে।

মোম প্রস্তুতকারকদের দাবি, তাঁরা সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত কর ও জিএসটি প্রদান করছেন। অথচ একাংশ অনুমোদনহীন ব্যবসায়ী কোনও ধরনের কর বা জিএসটি প্রদান না করেই মোম তৈরি ও বিক্রি করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বৈধ ব্যবসায়ীরা।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। ব্যবসায় মন্দার কারণে আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিতে হয়েছে কর্মীর সংখ্যা। দীপাবলির মতো উৎসবের মরশুমেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন মোম প্রস্তুতকারকরা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক মোম প্রস্তুতকারক সংস্থার মালিক অভিযোগ করেন, সরকার সঠিকভাবে তদন্ত ও নজরদারি না করার কারণেই রাজ্যে অনুমোদনহীন মোম তৈরির কারখানার সংখ্যা বাড়ছে। তিনি বলেন, যাঁরা সরকারি নিয়ম মেনে কর ও জিএসটি দিয়ে ব্যবসা করছেন, তাঁদের ব্যবসা আজ কঠিন পরিস্থিতির মুখে। অথচ অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তাই রাজ্যে অনুমোদনহীন মোম তৈরির কারখানাগুলির বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকারের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন তিনি।