
আইনেট প্রতিনিধিঃ আগামী ২৭ নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে নগর পঞ্চায়েত ও পুর পরিষদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে জোরদার নির্বাচনী তৎপরতা। নিজেদের প্রার্থীদের নিয়ে নির্বাচনী ময়দানে নামতে প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল।এরই ধারাবাহিকতায় সোমবার ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ধর্মনগর পুর পরিষদের রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা করেন।এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে, প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চয়ন ভট্টাচার্য, কেবল নন্দি-সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক।কংগ্রেস নেতৃত্বরা জানান, ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে জয়লাভ করে শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে দলের। শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবার বিষয়গুলিকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে জাতীয় কংগ্রেস।সব মিলিয়ে আগামী ২৭ নভেম্বরের নির্বাচনকে ঘিরে ধর্মনগরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এখন দেখার, নির্বাচনের ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।