img


ধর্মনগর পুর পরিষদ নির্বাচন: মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির ২৫ প্রার্থী


আইনেট  প্রতিনিধিঃ     আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দিলেন ভারতীয় জনতা পার্টির ২৫ জন প্রার্থী। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান প্রার্থীরা।পরে রিটার্নিং অফিসার তথা ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন তাঁরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগর ও বাগবাসা মণ্ডলের দুই মণ্ডল সভাপতি, ধর্মনগর কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী ও বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ সহ জেলা ও মণ্ডল স্তরের বিভিন্ন মোর্চার নেতৃত্ব এবং দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়। আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির এই মনোনয়ন জমা কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।এখন মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং নির্বাচনের পরবর্তী প্রস্তুতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।মনোনয়ন জমা দেওয়ার পর বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস বলেন, আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে বিজেপির সকল প্রার্থীর জয় নিশ্চিত। তাঁর বক্তব্য, দলীয় প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছেন।এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।