
আইনেট প্রতিনিধিঃ আসন্ন আমবাসা পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। বৃহস্পতিবার প্রচুর সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সুসজ্জিত মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থীরা। আমবাসা পুর পরিষদের মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে এদিন বিজেপির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকে ঘিরে এদিন বিজেপি কর্মী - সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আমবাসা বিজেপির জেলা কার্যালয় থেকে সকল প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে একটি সুসজ্জিত মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
মিছিলটি আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ে, তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছায়। সেখানে বিজেপি মনোনীত প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কমল দেববর্মার হাতে তাঁদের মনোনয়নপত্র তুলে দেন।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে, তা আরও এগিয়ে নিয়ে যেতে আসন্ন পুর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য তিনি গণদেবতার কাছে আহ্বান জানান। তিনি বলেন, মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়ে বিজেপি প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করবেন।