
আইনেট প্রতিনিধিঃ উৎসবের মেজাজে মিছিল করে জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও প্রার্থীদের সঙ্গে নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসার তথা জিরানিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান বিজেপি নেতৃত্ব। মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ১১টি ওয়ার্ডের অধিকাংশ ক্ষেত্রেই বিগত দিনের কাউন্সিলরদের কাজের মূল্যায়ন করেই তাঁদের পুনরায় প্রার্থী করা হয়েছে। তবে সংরক্ষণের কারণে কয়েকটি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করে নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, আগামীকাল আগরতলা পুর নিগমের পাশাপাশি রানীরবাজার পুর পরিষদের বিজেপি প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেবেন। রাজ্যের প্রতিটি নগর সংস্থা নির্বাচনে বিজেপি জয়লাভ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে জোট নিয়ে টানাপোড়েনকে কটাক্ষ করেন সুশান্ত চৌধুরী। তাঁর অভিযোগ, বিরোধীদের মধ্যে রাজনৈতিক আদর্শ ও নীতির অভাব রয়েছে। কখনও জোটের কথা বলা হচ্ছে, আবার কখনও এককভাবে লড়াইয়ের ঘোষণা করা হচ্ছে। এর বিপরীতে বিজেপি 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতিকে সামনে রেখে নির্বাচনী ময়দানে নেমেছে বলে দাবি করেন তিনি।