img


খোয়াই পুর পরিষদের ১৫ জন প্রার্থী মহকুমা শাসকের কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন


আইনেট  প্রতিনিধিঃ      আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মনোনীত ১৫ জন প্রার্থী মহকুমা শাসকের কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের সমর্থনে এদিন দুপুরে খোয়াই শহরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।

এদিন প্রথমে খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ড থেকে বিজেপি মনোনীত প্রার্থী, দলীয় কর্মী ও সমর্থকরা মিছিল করে খোয়াই মণ্ডল কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত এক বিশাল মিছিল শহর পরিক্রমায় বের হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপির ১৫ জন মনোনীত প্রার্থী। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি অফিসটিলা এলাকায় এসে শেষ হয়।এরপর সেখান থেকে ১৫ জন প্রার্থী খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব। আসন্ন পুর নির্বাচনে ১৫টি আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি।