
আইনেট প্রতিনিধিঃ আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার শান্তিরবাজারে এক বিশাল র্যালি ও মনোনয়ন পত্র দাখিল কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। সকাল থেকেই শান্তিরবাজারের ট্রাইজংশন এলাকায় জড়ো হতে থাকেন দলীয় কর্মী সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনজোয়ারে পরিণত হয় গোটা এলাকা। ১৫টি ওয়ার্ডের ১৫ জন প্রার্থীকে নিয়ে ট্রাইজংশন থেকে শুরু হয় বিশাল মিছিল। ঢাক-ঢোল, স্লোগান, পদ্ম প্রতীকের পতাকা হাতে হাজারো কর্মী সমর্থকের মিছিলটি শান্তিরবাজারের রাজপথ কাঁপিয়ে এগিয়ে যায়। গোটা শহর জুড়ে ছিল গেরুয়া আবহ। সাধারণ মানুষও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মিছিল দেখেন।পরবর্তীতে ১৫ জনের মধ্যে ১০ জন প্রার্থী শান্তিরবাজার রিটার্নিং অফিসারের নিকট গিয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। বাকি ৫ জন প্রার্থী আগামীকাল শুক্রবার মনোনয়ন পত্র জমা দেবেন। এই ঐতিহাসিক মিছিল ও মনোনয়ন দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, ৩৪ রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, শান্তিরবাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, যুব মোর্চার মন্ডল সভাপতি অঞ্জু মগ চৌধুরী, শান্তিরবাজার মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, দক্ষিণ জেলার জেলা সম্পাদক সুমন দেবনাথ সহ মন্ডলের অন্যান্য পদাধিকারী, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। মনোনয়ন পত্র জমা দেওয়া শেষে নেতৃত্বরা বলেন, শান্তিরবাজারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৫টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে। গত বোর্ডের উন্নয়নমূলক কাজ, রাস্তা-ঘাট, পানীয় জল, আলো সহ বিভিন্ন পরিষেবার কথা তুলে ধরেন তারা। এবারও শান্তিরবাজারের মানুষ পদ্মের উপরেই ভরসা রাখবেন বলে আশা প্রকাশ করেন নেতারা। মনোনয়ন দাখিলের পর প্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান নেতৃত্বরা। কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ১৫ ওয়ার্ডে পদ্ম ফোটার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে শান্তিরবাজার বিজেপি।