
আইনেট প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জনঅভিযোগ ও পেনশন, পরমাণু শক্তি এবং মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আগামীকাল ৬ নভেম্বর, নয়াদিল্লির রাইসিনা রোডে অবস্থিত ন্যাশনাল মিডিয়া সেন্টারে দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) অভিযান ৫-এর আনুষ্ঠানিক সূচনা করবেন।
কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীন পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের (ডিওপিপিডব্লিউ) উদ্যোগে এই এক মাসব্যাপী অভিযান চলবে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। দেশের ২ হাজারেরও বেশি শহর ও নগর এলাকাকে এই অভিযানের আওতায় আনা হবে। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে পেনশনভোগীদের জীবন শংসাপত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, সুবিধাজনক ও ঝামেলামুক্ত করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে জীবন শংসাপত্র জমা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এই অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি), ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, পেনশনভোগী কল্যাণ সমিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, রেল ও ডাক বিভাগ। পাশাপাশি টেলিযোগাযোগ দপ্তর, কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও) এবং বিভিন্ন রাজ্য সরকারও এই অভিযানে সহযোগিতা করবে।
এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৮০ বছর বা তার বেশি বয়সি অতি প্রবীণ পেনশনভোগী, মহিলা পেনশনভোগী এবং শারীরিক অসুস্থতা বা স্বাস্থ্যজনিত সমস্যার কারণে যাঁদের জীবন শংসাপত্র জমা দিতে অসুবিধা হয়, তাঁদের সুবিধার বিষয়টিকে। বয়সজনিত সমস্যা বা শারীরিক অসুস্থতার কারণে যাঁরা নির্ধারিত কেন্দ্রে যেতে পারবেন না, তাঁদের জন্য বাড়িতে গিয়ে পরিষেবা প্রদান এবং বাড়ি থেকেই জীবন শংসাপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।
অভিযানের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে ডঃ জিতেন্দ্র সিং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান ৪.০-এর সাফল্য ও বিভিন্ন উদ্যোগের বিবরণ সম্বলিত একটি সংকলন পুস্তিকা এবং একটি কফি টেবিল ই-বুকও প্রকাশ করবেন।