img


রানীরবাজারে বিজেপির বর্ণাঢ্য নির্বাচনী মিছিল, ১৩টি ওয়ার্ডে মনোনয়ন জমা,


আইনেট  প্রতিনিধিঃ     আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে রানীরবাজারে নির্বাচনী প্রচারে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে বর্ণাঢ্য মিছিল ও শোভাযাত্রার মধ্য দিয়ে রানীরবাজার পুর পরিষদের ১৩টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। দলীয় পতাকা, স্লোগান এবং কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা এলাকা কার্যত বিজেপির নির্বাচনী প্রচারের রঙে রঙিন হয়ে ওঠে।  এদিনের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া দেখে আসন্ন পুর নির্বাচনে বিজেপির জয় নিয়ে যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতার প্রতি আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপির পাশে রয়েছেন।

এদিন বিরোধী কংগ্রেস ও সিপিআইএমকেও নিশানা করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীদের কোনও নির্দিষ্ট নীতি, আদর্শ কিংবা জনকল্যাণমূলক কর্মসূচি নেই। ক্ষমতা দখল এবং বিজেপিকে দুর্বল করাই তাদের একমাত্র রাজনৈতিক লক্ষ্য। তবে বিরোধীদের এই রাজনৈতিক কৌশল রাজ্যের মানুষ কখনোই মেনে নেবেন না বলেও দাবি করেন তিনি।

পাশাপাশি মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রত্যাশা ব্যক্ত করেন, আগরতলা পুরনিগমসহ রাজ্যের সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডে বিজেপি তথা এনডিএ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবেন। তাঁর কথায়, এবারের পুর নির্বাচন আগামী বিধানসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনাল। পুর নির্বাচনে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই আগামী বিধানসভা নির্বাচনেও রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।