
আইনেট প্রতিনিধিঃ আমবাসা পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ জমে উঠছে রাজনৈতিক লড়াই। শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে কংগ্রেস দলের পক্ষ থেকে আমবাসা পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আর এই মনোনয়ন পর্বকে ঘিরে আমবাসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এবারের নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সবিতা দাস। তিনি একসময় বিজেপির প্রাক্তন কাউন্সিলর ছিলেন। এবার সেই সবিতা দাসের উপরই আস্থা রেখে তাঁকে কংগ্রেসের টিকিটে নির্বাচনের ময়দানে নামিয়েছে দল। ফলে ১২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী লড়াই যে বেশ আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই যায়। অন্যদিকে, মনোনয়ন প্রক্রিয়া শেষে আমবাসার মহকুমা শাসক এক সাক্ষাৎকারে জানান, আমবাসা পুর পরিষদের মোট ১৫টি আসনে এখনও পর্যন্ত ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি তিনি আরও জানান, গোটা মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে মনোনয়ন পর্ব শেষ হতেই আমবাসা পুর পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এখন নজর নির্বাচনী প্রচার এবং শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কোন দল কতটা প্রভাব বিস্তার করতে পারে, সেদিকেই।