
আইনেট প্রতিনিধিঃ নগর সংস্থার নির্বাচন নিয়ে এক ধরনের আইনি জটের সৃষ্টি হয়েছে। পাঁচটি নগর সংস্থার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়ে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে'র দাবি ,মোহনপুর ,জিরানিয়া ,রানীরবাজার ,কমলপুর এবং শান্তিরবাজারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও করে রেখেছিল শাসকদলের দুষ্কৃতিকারীরা। রাজ্য নির্বাচন কমিশনার এবং ভারপ্রাপ্ত পুলিশ মহা নির্দেশক কে বিষয়টি জানানোর পরও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়েই প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহা নির্দেশক কে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন নিয়ে কিছুটা জট পাকিয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত। এই পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পিকে চক্রবর্তী জানান, হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র দাখিলের দিনক্ষন বৃদ্ধির কোন কথা নেই। মনোনয়নপত্র দাখিলের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে কোনো খামতি ছিল না কমিশনের। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। রাজ্য নির্বাচন কমিশনার জানান, মনোনয়নপত্র দাখিলের দিনক্ষণ বৃদ্ধির কোন বিষয় আসছে না।