
আইনেট প্রতিনিধিঃ সারা জাগানো শ্যামা পূজার উদ্বোধনে চুরাইবাড়ি ও কদমতলার বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়। রবিবার সন্ধ্যা সাত ঘটিকায় থেকে প্রথমে চুরাইবাড়ির আরক্ষা দপ্তরের পুজোর উদ্বোধন করে সেখানে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন। সেখান থেকে অসম-ত্রিপুরা সীমান্তের জাতীয় সড়কের পাশেই ফ্রেন্ডস ক্লাবের সুউচ্চ প্যান্ডেল সহ পাঁচ দিনব্যাপী পূজোর উদ্বোধন করেন। এই ক্লাব বরাবরই কদমতলা ব্লক এলাকায় বড় বাজেটের পুজো করে থাকে। তিন দিন ব্যাপী এই ক্লাব পশ্চিমবঙ্গ থেকে মহিলা ডাকি দল সহ স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান করে থাকে। এরপরেই মন্ত্রী টিংকু রায় চলে যান চুরাইবাড়ির অপর একটি বনেদি ক্লাব ইয়ুথ ক্লাবে। সেখানো তিনি পুজোর উদ্বোধন করে চলে যান কদমতলায়। কদমতলাতে প্রথমে নবযুগ সংঘ এরপর আরক্ষা দপ্তরের পূজো উদ্বোধন করে তিনি সর্বশেষ চলে যান বড়গোল স্থিত পাইওনিয়ার ইয়ুথ ক্লাবে। সেখানে পূজোর উদ্বোধন করে তিনি রাজ্যবাসী ও উত্তর জেলাবাসীদের উদ্দেশ্যে দীপাবলীর শুভেচ্ছা সহ শান্তির বার্তা দেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধীপতি অপর্ণা নাথ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ।