
আইনেট প্রতিনিধিঃ একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর রাজনীতি, নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় রাশিয়ার একচ্ছত্র প্রভাব ছিল। মস্কোর নেতৃত্বাধীন বিভিন্ন জোটের মাধ্যমে এসব দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছিল ক্রেমলিন। তবে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনে সেই প্রভাব এখন ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষ করে আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি এবং মধ্য এশিয়ার দেশগুলোর বিকল্প নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার প্রবণতা রাশিয়ার দীর্ঘদিনের আধিপত্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।এমন পরিস্থিতিতে বুধবার (১১ নভেম্বর) মস্কোয় বসতে যাচ্ছে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) শীর্ষ সম্মেলন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে জোটের ভবিষ্যৎ, সদস্য দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সম্মেলনের আগে থেকেই আর্মেনিয়ার সঙ্গে মস্কোর টানাপোড়েন এবং জোটের কার্যকারিতা নিয়ে অসন্তোষ আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
সিএসটিও মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত একটি জোট। বর্তমানে এর সদস্য রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। সদস্য দেশগুলোর কোনো একটির ওপর সামরিক হামলা হলে অন্য দেশগুলো সহায়তা করবে, এমন নীতির ভিত্তিতেই জোটটির কার্যক্রম পরিচালিত হয়।