
আইনেট প্রতিনিধিঃ ফের গন্ডাছড়া মহকুমায় বন দপ্তরের ধাওয়া। উদ্ধার হলো প্রায় ১৫হাজার টাকার বেনামি চেরাই কাঠ। গত কয়েকমাস যাবত গন্ডাছড়া মহকুমায় বন ধ্বংসের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের সংবাদে জানা গিয়েছে গন্ডাছড়া বন দপ্তরের এক রাঘব বোয়ালের অলিখিত নির্দেশে বন ধ্বংসের প্রতিযোগীতায় নেমেছে বন মাফিয়ারা। ওই রাঘব বোয়ালের কারণে গন্ডাছড়া বন দপ্তরের কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে গন্ডাছড়া বন দপ্তরের ওই রাঘব বোয়ালের অঙ্গুলি হেলনে দুর্গাপুরের বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি সরকারী নির্মাণ কাজের গোড়ায় গত ছয় মাস যাবত চোরাই কাঠের কাজ চলছে। হাতেনাতে ধরার জন্য তক্কে তক্কে ছিলো গন্ডাছড়া বন পেট্রল কর্মীরা। মঙ্গলবার সাতসকালে গোপন সংবাদের ভিত্তিতে বন দপ্তরের বন পেট্রল কর্মীরা আচমকা হানা দেয় ওই সরকারী নির্মিয়মান দালানবাড়ীর পাশের জঙ্গলে। উদ্ধার করা হয় কয়েক হাজার টাকা মূল্যের চোরাই চেরাই কাঠ। আনা হয় গন্ডাছড়া বন দপ্তরের অফিসে। অভিযানের নেতৃত্বে ছিলেন বন পেট্রল অফিসার পাংকিমা ডার্লঙ। বন অফিসার পাংকিমা ডাড়লং জানান এধরণের অভিযান নিয়মিত চলতে থাকবে।