
আইনেট প্রতিনিধিঃ ১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিন। ২০২১ সাল থেকে এই দিনটি সারাদেশে জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর ১৫১ তম জন্মবার্ষিকী ভগবান বিরসা মুন্ডার। এই উপলক্ষে বিজেপি দল দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অঙ্গ হিসেবে ১৫ নভেম্বর এডিসির সদর দপ্তর খুমুলুঙে রাজ্যভিত্তিক সভা করবে বিজেপি। পাশাপাশি প্রতিটি জেলাতেও এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দল। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান নেতৃত্ব বিপিন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক ভূমিকা নন্দ রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য সভাপতি অভিজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব বিপিন দেববর্মা জানান, ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ভগবান বিরসা মুন্ডার বিভিন্ন কাহিনী তুলে ধরবেন। পাশাপাশি জনজাতি উন্নয়নে বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরবেন। এছাড়া ২০২১ সালে সারাদেশে জনজাতি গৌরব দিবস উপলক্ষে ৭০২৮ টি একলব্য স্কুল চালুর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৫০৮ টি একলব্য স্কুল ইতিমধ্যেই চালু হয়ে গেছে। ১৫ নভেম্বর বাকি স্কুলগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্ব আরো জানান, রাজ্যে ২১ টি একলব্য স্কুল চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৮ টি স্কুল ইতিমধ্যেই চালু হয়ে গেছে। আগামী ১৫ নভেম্বর বাকি তিনটি একলব্য স্কুল উদ্বোধন করা হবে। এক প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপি নেতৃত্ব বিপিন দেববর্মা জানান, খুমুলুঙের কর্মসূচিতে মথা দলকেও আমন্ত্রণ জানানো হবে।