
আইনেট প্রতিনিধিঃ ধর্মীয় ভাবাবেগ ও তীর্থদর্শনের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বিধায়ক অভিষেক দেবরায়। তাঁর ব্যক্তিগত উদ্যোগে আগামী ১৫ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৭৫ জন পুণ্যার্থীকে নিয়ে আয়োজন করা হয়েছে কাশীধামসহ উত্তর ভারতের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় তীর্থস্থান পরিদর্শনের বিশেষ যাত্রা। এই তীর্থযাত্রায় অংশগ্রহণকারীদের যাতায়াত, থাকা-খাওয়া এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণের সম্পূর্ণ ব্যয়ভার নিজেই বহন করবেন বিধায়ক। এই উদ্যোগের বিস্তারিত জানাতে বুধবার উদয়পুর মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী সিদ্ধ পীঠম ট্রাস্টের ডক্টর আচার্য শঙ্কর।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক অভিষেক দেবরায় জানান, আগামী ১৫ নভেম্বর থেকে এই বিশেষ তীর্থযাত্রার সূচনা হবে। ৭৫ জন পুণ্যার্থীকে নিয়ে শুরু হতে চলা এই যাত্রার মূল উদ্দেশ্য হলো উত্তর ভারতের ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলিতে দর্শনের সুযোগ করে দেওয়া। অনেকেরই দীর্ঘদিনের ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতা কিংবা অন্যান্য কারণে কাশীধামসহ বিভিন্ন পবিত্র তীর্থস্থান দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। সেই সমস্ত মানুষের ধর্মীয় আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেই তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৭ নভেম্বর মার্কণ্ডেয় মহাদেব ও সারনাথ মন্দির দর্শন করবেন পুণ্যার্থীরা। ১৮ নভেম্বর ভোরে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো ও দর্শনের পর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, কালভৈরব মন্দির, সংকটমোচন মন্দির ও দুর্গাদেবী মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন তাঁরা। আগামী ২৪ নভেম্বর এই তীর্থযাত্রা শেষ হবে। আর্থিক সীমাবদ্ধতার কারণে যাঁদের পক্ষে দূরবর্তী তীর্থস্থান দর্শন সম্ভব হয় না, তাঁদের সেই সুযোগ করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।