
আইনেট প্রতিনিধিঃ আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সদর মহকুমা শাসক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। প্রসঙ্গত ১০ই নভেম্বর প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। বৈঠকে সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিক লাল দাস জানান, নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও সুশৃঙ্খল করতে এই যৌথ আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বৈঠকে নির্বাচন পর্যবেক্ষক অনিরুদ্ধ রায়, এডিএম ওয়েস্ট আকাশ দেববর্মা, অতিরিক্ত জেলা শাসক দেবরাজ রায়সহ বিভিন্ন আর ও এবং তিনটি সাব-ডিভিশনের এসডিপিও, সংশ্লিষ্ট থানার ওসি, সেক্টর অফিসার ও পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্বীকৃত ও নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এতে অংশ নেন। আলোচনায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন। বৈঠক শেষে সদর এসডিএম মানিক লাল দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, প্রশাসন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে বৈঠকে উপস্থিত বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলার বজায় রাখা সহ বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন। নির্বাচনকে কেন্দ্র করে কিছু অভিযোগ ও আপত্তির বিষয়ও তাঁরা প্রশাসনের দৃষ্টিগোচর করেন। সব মিলিয়ে, আসন্ন পুর নিগম নির্বাচনকে অবাধ ও ভীতিহীন পরিবেশে সম্পন্ন করার উদ্দেশ্যে এই বৈঠককে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।