img


উচ্চ আদালতে তিরস্কৃত ধলাই জেলাশাসক ,অবৈধভাবে ছাঁটাইকৃত চার অঙ্গনওয়াড়ি কর্মীকে পুনর্বহালের নির্দেশ দিল উচ্চ আদালত


 আইনেট  প্রতিনিধিঃ     অবাক করার মতো ঘটনা। এক রাজনৈতিক দলের ডেপুটেশনের ভিত্তিতে তদন্ত না করেই বৈধভাবে নিযুক্ত চার অঙ্গনওয়াড়ি কর্মীকে ছাঁটাই করে দিলেন ধলাই জেলার জেলাশাসক! ঘটনা ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি। ধলাই জেলার ডম্বুর নগর প্রজেক্টে। এই প্রজেক্টের অধীন বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে ২০২৩ সালের আগস্ট মাসে কাজে যোগ দেন চারজন অঙ্গনওয়াড়ি কর্মী। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্টদের নিয়োগ এক কলমের খোঁচায় বাতিল করে দেন ধলাইয়ের  জেলা শাসক। চাকরিচ্যুত ৪ অঙ্গনওয়াড়ি কর্মী বিষয়টি নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। কিন্তু উচ্চ আদালতের একক বেঞ্চের বিচারপতি এই রিট পিটিশনটি গ্রহণ করেননি। তাদের চাকরির অধিকার নেই বলে জানান একক বেঞ্চের বিচারপতি। পরে চাকরিচ্যুতরা ত্রিপুরা হাইকোর্টের ডবল বেঞ্চে রিট পিটিশন দাখিল করেন। দীর্ঘদিন ধরে ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি এস দত্ত পুরস্কায়স্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলে। বুধবার এই মামলার রায় প্রদান করা হয়। মামলার রায়ে অবিলম্বে বৈধভাবে নিযুক্ত চার অঙ্গনওয়াড়ি কর্মীকে তাদের চাকরিতে বহাল রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয় ,২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চার অঙ্গনওয়াড়ি কর্মীর সমস্ত বেতন সংক্রান্ত বকেয়া আগামী ৮ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এই মামলায় ৪ অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে নিযুক্ত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বৃহস্পতিবার এই সংবাদ জানান। তিনি জানান, আদালতের ডিভিশন বেঞ্চ বলেছে, ঘটনায় ধলাই জেলার জেলাশাসক তিপ্রা-মথা রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছেন।