
আইনেট প্রতিনিধিঃ কৈলাসহর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী সুপর্ণা চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে নামেন রাজ্যের সমাজশিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়। প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। বিশেষ করে এলাকার জলনিকাশি সমস্যার বিষয়ে বাসিন্দাদের ক্ষোভের কথা শুনে পুর নির্বাচন শেষে আলোচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকায় কৈলাসহরের সার্বিক উন্নয়নের স্বার্থে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থীকে জয়ী করা প্রয়োজন। তাঁর দাবি, পুর পরিষদের নিজস্ব আর্থিক সংস্থান সীমিত হওয়ায় বড় ধরনের উন্নয়নমূলক কাজের জন্য বিধায়ক ও সরকারি বরাদ্দের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় নির্ধারিত প্রাক্কলিত মূল্যের তুলনায় বিরোধী ঠিকাদাররা ৫০ থেকে ৭০ শতাংশ কম দর জমা দেওয়ার কারণে বেশ কিছু টেন্ডার বাতিল হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিনের প্রচারে পুর নির্বাচন ও আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন ও রাজনৈতিক সমন্বয়ের বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী টিংকু রায়।