
আইনেট প্রতিনিধিঃ আইনকে সঠিকভাবে জানা এবং মেনে চলার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করলেন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক তথা পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ড. কিরণ বেদী। তাঁর বক্তব্য, আইনের অপব্যবহার এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণেই সাধারণ মানুষের মধ্যে আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উদ্যোগে শনিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় পঞ্চম ‘ত্রিপুরা ডায়ালগ ফোরাম টক’। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট বক্তা ড. কিরণ বেদী। এদিন তাঁর সঙ্গে বিশেষ কথোপকথন পর্বে আইন, পুলিশ, প্রশাসন এবং বিচারব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।আলোচনায় ড. কিরণ বেদী বলেন, অনেক সময় পুলিশও নিজেদের মতো করে আইনের ব্যাখ্যা করে। আবার কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ন্যায়বিচারের পক্ষে যথাযথ ভূমিকা পালন করেন না। পুলিশ, সরকারি আইনজীবী, বিচারব্যবস্থা এবং বিচার পেতে দীর্ঘসূত্রিতা—এই চারটি ক্ষেত্রেই আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।