
আইনেট প্রতিনিধিঃ ১৪ নভেম্বর শিশু দিবসকে সামনে রেখে ত্রিপুরা সরকারের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ধলাই জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় সালেমা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের শিশু দিবস অনুষ্ঠান । চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক সহ অন্যান্য অতিথিগণ। আতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালি প্রসাদ চাকমা ওএসডি, সেকেন্ডারী এডুকেশন, মধুসূদন দেববর্মা , ধলাই জেলা শিক্ষা আধিকারিক , ভ্যালীরোজ দেববর্মা, ডিসিএম কমলপুর , গোপাল দাস, বিডিও সালেমা, রঞ্জন মল্লিক বিদ্যালয় পরিদর্শক সালেমা সহ অন্যান্য। উল্লেখ্য স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহর লাল নেহেরুর জন্মদিনকে প্রতিবছর শিশুদিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শিশুদের প্রতি সমাজের দায়বদ্ধতা, তাদের শিক্ষা, বিকাশ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বকে সামনে রেখে প্রতি বছর শিশু দিবস পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এবছরও বিশেষ গুরুত্বের সঙ্গে শিশু দিবসের এই রাজ্যস্তরের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং শিক্ষার পরিবেশকে আরও উন্নত করার ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু দিবসের এই অনুষ্ঠান সেই বার্তাকেই আরও সামনে নিয়ে আসে। সালেমা কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের গুরুত্ব এবং তাদের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা ব্যবস্থার ভূমিকার বিষয়টি তুলে ধরেন উপস্থিত অতিথিগণ।