
আইনেট প্রতিনিধিঃ কর্মদায়িত্ব শেষ করে বাড়ি ফেরার পথে এক অটোচালক ও অপর এক ব্যক্তির হাতে নিগ্রহের শিকার হন রাজধানীর কর্মরত মহিলা সাংবাদিক শ্রেয়সী দেবনাথ মজুমদার। অভিযোগ, এই ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। এই ঘটনায় শনিবার সরব হয় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ওমেন্স সেল। শনিবার প্রতিনিধিদল পূর্ব থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে। থানার ওসি অনুপস্থিত থাকায় সেকেন্ড ওসি পরীক্ষিত দেববর্মার হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিনিধিরা। ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শ্রেয়সী দেবনাথের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন সাংবাদিকরা। বিশেষ করে নির্বাচনের ঠিক আগে একজন মহিলা সাংবাদিকের উপর এই ধরনের হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি বিজয় পাল, মহিলা সেলের সভানেত্রী কৌশারান্তি তিপ্রাসা, সম্পাদিকা স্বরূপা দেবনাথ, কোষাধ্যক্ষ রুমা সাহা এবং সদস্যা শ্যামলী জমাতিয়া।