
আইনেট প্রতিনিধিঃ ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে ‘উদ্যম’-এর উদ্যোগে আগরতলার জয়নগর এলাকা থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এই পদযাত্রায় বিশেষভাবে সক্ষম শিশুরা বিভিন্ন আকর্ষণীয় সাজে নিজেদের তুলে ধরে। কেউ সেজেছে বিভিন্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, আবার কাউকে দেখা যায় স্বামী বিবেকানন্দের সাজে। পাশাপাশি গৃহবধূ, নতুন বউ ও জামাইয়ের সাজেও অংশ নেয় শিশুরা। তাদের এই অভিনব উপস্থাপনা পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
এই উদ্যোগের মধ্য দিয়ে সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতা কখনোই প্রতিভা ও স্বপ্নের পথে অন্তরায় হতে পারে না। প্রয়োজন শুধু উপযুক্ত সুযোগ, সহযোগিতা এবং ইতিবাচক মানসিকতা। বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যেও রয়েছে অসীম সম্ভাবনা—এই আত্মবিশ্বাসই তুলে ধরা হয় পদযাত্রার মাধ্যমে।