
আইনেট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রশান্তি কুটিরমের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলকে কন্নড় ভাষায় শুভেচ্ছা জানান। বেঙ্গালুরুতে যোগের মহিমা উপলব্ধি করে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান। শ্রী মোদী বলেন, বহু যুগ ধরে কর্ণাটক যোগের অন্যতম কেন্দ্র। এখানে আধ্যাত্মিক জগতের বহু পণ্ডিত ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। এঁরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এই প্রসঙ্গে তিনি কন্নড় ভাষার চলচ্চিত্রের কিংবদন্তী ডঃ রাজকুমারের প্রসঙ্গ উল্লেখ করেন। “শিল্পকলার পাশাপাশি তিনি যোগাসন চর্চাও করেছেন। এই ধরনের যোগাসনের অনুরাগীও এখানে ছিলেন।”
প্রশান্তি কুটিরমের ৫০ বছরের যাত্রাপথের বর্ণনা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, কর্ণাটকের সমৃদ্ধ সংস্কৃতি এবং পরিষেবা প্রদানের কথা প্রতিটি নাগরিকের জানা প্রয়োজন। একটি সামান্য কেন্দ্র থেকে যোগাসনকে কিভাবে প্রশান্তি কুটিরম আন্দোলনে পরিণত করেছে সেই বিষয়টিও তার ভাষণে স্থান পায়। “সাধারণ একটি যোগ কেন্দ্র যেভাবে যোগাভ্যাসকে এক আন্দোলনে পরিণত করেছে তা এক কথায় অনুপ্রেরণাদায়ক।”
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে এই কেন্দ্রে বেশ কয়েকটি নতুন পরিষেবার সূচনা হল। এর জন্য তিনি এস-ভ্যাসা পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। “প্রশান্তি কুটিরমের সুবর্ণ জয়ন্তীতে এই সংগঠনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ সাধক এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাই।”
শ্রী মোদী তাঁর ভাষণে এইচ ভি শেষাদ্রির সহজ-সরল জীবনযাত্রা, বিপুল অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধের প্রসঙ্গ উল্লেখ করেন, যার সাহায্যে তিনি অন্যদের ঐক্যবদ্ধ করে দেশের কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। শ্রী মোদী শেষাদ্রিজির একটি ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেন যেখানে তিনি বলেছিলেন, মায়ের কাছ থেকে সবকিছু শিখতে কারণ, একজন মা-ই নিঃস্বার্থভাবে তাঁর সন্তানের জন্য বিনিদ্র রজনী যাপন করেন। “আমরা যদি এই একই মনোভাব নিয়ে আমাদের সমাজের জন্য কাজ করি, তাহলে সমাজে অনেক ভালো ভালো কাজ করা যাবে।”
প্রধানমন্ত্রী বলেন, এইভ ভি শেষাদ্রিও মায়ের মতো নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করেছেন। শেষাদ্রিজির স্নেহ এবং পরামর্শ পাওয়ার জন্য তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। “তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত এবং তাঁর কথাগুলি আজও আমার কাছে অত্যন্ত মূল্যবান।”
এইচ ভি শেষাদ্রির একটি চিরস্মরণীয় শিক্ষাদানের প্রসঙ্গ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরেন। এইচ ভি শেষাদ্রি বলেছিলেন, কেউ যখন তাঁর দু’হাত ভরে সমাজকে কিছু দিয়ে থাকেন, তখন সমাজও তাঁকে লক্ষ লক্ষ হাতের বিনিময়ে তা ফেরত দেয়। তিনি বলেছেন, তাঁর নিজের জীবনে অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে তিনি এই কথাগুলির যথার্থতা উপলব্ধি করেছেন। “জনসাধারণের সেবার কাজে যুক্ত হয়ে আমি সবসময়েই তাঁদের আশীর্বাদ পেয়েছি, এটি আমার জীবনে সবথেকে মূল্যবান সম্পদ।”
শ্রী মোদী বলেন, এইচ ভি শেষাদ্রির পরিবারের সদস্যরাও একইভাবে নিঃস্বার্থভাবে নানাবিধ পরিষেবা প্রদান করছেন। ডঃ এইচ আর নগেন্দ্র এবং ডঃ আর নাগারত্নার প্রশংসা করে তিনি বলেন, তাঁরা অবিচলভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়িত করছেন। “আমি তাঁদের প্রতিটি উদ্যোগের প্রশংসা করি এবং সেগুলির বাস্তবায়নে যা যা প্রয়োজন তা সরবরাহ করি।”