
আইনেট প্রতিনিধিঃ মধ্যবর্তী নির্বাচনে গত সপ্তাহে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান সম্পর্কে একের পর এক বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর বক্তব্যে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। কখনও তিনি ইরানে নতুন করে হামলার আশঙ্কা নাকচ করছেন, আবার কখনও ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন।
নির্বাচনের পর থেকে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, টেলিভিশন সাক্ষাৎকার এবং সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্পের অবস্থানে এমন পরিবর্তন দেখা গেছে। মধ্যবর্তী নির্বাচনের পরদিন ট্রাম্প স্বীকার করেছিলেন, ইরান যুদ্ধ এবং এর ফলে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতা নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর সিদ্ধান্ত সঠিক ছিল।
এরপর চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর ভাষায়, সামরিক দিক থেকে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।