
আইনেট প্রতিনিধিঃ ডাল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে কৃষকদের পাশে দাঁড়াল ত্রিপুরা কৃষি কলেজ ও ভারতীয় ডাল গবেষণা কেন্দ্র। উন্নত প্রজাতির ডাল চাষে কৃষকদের উৎসাহিত করতে কুমারঘাট ব্লকের ফটিকরায়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হলো চার প্রজাতির ডালের বীজ। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি এবং ফসল সংরক্ষণের বিষয়ে দেওয়া হলো প্রশিক্ষণ। গ্রোয়িং সিড ও মনোশ্রী সংস্থার সহযোগিতায় রাজনগর কৃষক সহায়তা কেন্দ্রে আয়োজন করা হয় এই কর্মসূচির। উপস্থিত ছিলেন ত্রিপুরা কৃষি কলেজের অধ্যাপক ড. অভিজিৎ সাহা সহ অন্যান্যরা। কর্মসূচি প্রসঙ্গে ড. অভিজিৎ সাহা জানান, ত্রিপুরাকে ডাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যেই ভারতীয় ডাল গবেষণা কেন্দ্রের আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণের উদ্যোগ। বিশেষ করে শীতকালীন ডাল চাষে ফলন বৃদ্ধি এবং উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়াই মূল উদ্দেশ্য এই প্রশিক্ষণের। এদিন মোট ৪০ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় চার প্রজাতির ডালের বীজ। প্রশিক্ষণ ও উন্নত বীজের এই সমন্বিত উদ্যোগ ডাল উৎপাদনে কৃষকদের কতটা সাফল্য এনে দেয়, এখন সেটাই দেখার।