
আইনেট প্রতিনিধিঃ ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতা সংগ্রামী তথা আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডা কে স্মরণ করলো মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট। এই উপলক্ষে রবিবার রাজধানীতে একটি পদযাত্রা সংঘটিত করা হয়। পদযাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়। পদযাত্রার নেতৃত্বে ছিলেন মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের বিপিন দেববর্মা। তিনি জানান, জনযাতিদের ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে দুর্বার লড়াই চালিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা কে স্মরণ রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সাল থেকে এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। সারা দেশের সাথে রাজ্যেও চলছে এই জনজাতি গৌরব দিবস উদযাপন। এই দিনে সকল অংশের জনজাতিদের ঐক্যের বার্তা দিতেই মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে এই পদযাত্রা সংঘটিত করা হয়েছে। পদযাত্রাটি উমাকান্ত একাডেমির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে সমাপ্ত হয়।