
আইনেট প্রতিনিধিঃ আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যখন রাজনৈতিক প্রচারে সরগরম পরিস্থিতি, তখন তেলিয়ামুড়ায় জনসম্পর্ক অভিযানের মধ্য দিয়ে নজিরবিহীন মানবিকতার বার্তা দিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। রবিবার সকালে তেলিয়ামুড়া পুরপরিষদের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী নিশারানী সূত্রধরের সমর্থনে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশ নেন তিনি। এলাকার বিভিন্ন পরিবারের সঙ্গে কথা বলে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোটের আবেদন জানান বিধায়িকা।
তবে, এদিনের জনসম্পর্ক অভিযানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে যখন বিজেপি মনোনীত প্রার্থীকে সঙ্গে নিয়ে কংগ্রেস মনোনীত প্রার্থী ভক্তিলতা সরকারের বাড়িতে পৌঁছে যান কল্যাণী সাহা রায়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আবহে অন্য দলের প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁর ও পরিবারের খোঁজখবর নেওয়া, পায়ে হাত দিয়ে আশীর্বাদ গ্রহণ এবং আন্তরিকভাবে আলিঙ্গন করার দৃশ্য বিশেষভাবে নজর কাড়ে।
বিধায়িকার বক্তব্য, দল-মত নির্বিশেষে তিনি সকলের বিধায়িকা। ভক্তিলতা সরকার রাজনৈতিকভাবে কংগ্রেসের প্রার্থী হলেও একসময় বিজেপির সক্রিয় মহিলা কর্মী ছিলেন এবং তাঁর সঙ্গে বিধায়িকার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানেই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন তিনি। কিন্তু, নির্বাচনে দশ নম্বর ওয়ার্ডে জয়ের মালা নিশারানী সূত্রধর পড়বেন বলেও বিধায়িকা দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি ভক্তিলতা সরকারের কন্যা প্রয়াত হয়। সন্তান হারানোর গভীর শোকের মুহূর্তে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান কল্যাণী সাহা রায়। শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন তিনি।
নির্বাচনী লড়াইয়ের ময়দানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্পর্কের বন্ধন যে তার ঊর্ধ্বে, তেলিয়ামুড়ার এই জনসম্পর্ক অভিযান যেন সেই বার্তাই তুলে ধরল। ভোটের রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতা, সৌজন্য ও ভালোবাসার এই ছবি এদিন বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।