img


বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও'


আইনেট  প্রতিনিধিঃ         ঊনকোটি জেলার ফটিকরায় বাজারে বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় এই সভা। সভার প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণদের গো-মাংস সেবন সংক্রান্ত মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। মন্ত্রীর অভিযোগ, প্রাচীনকালে ব্রাহ্মণরা গোমাংস খেত বলে মন্তব্য করেছিলেন জিতেন্দ্র চৌধুরী। এই মন্তব্যের মাধ্যমে গোটা ব্রাহ্মণ সমাজকে জিতেন্দ্র চৌধুরী অপমান করেছেন বলে অভিযোগ মন্ত্রীর। পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকে হিন্দু সংস্কৃতির বিরোধী বলেও কটাক্ষ করেন তিনি।    মন্ত্রীর বক্তব্যে ব্রাহ্মণ সমাজের অপমানের অভিযোগ উঠলেও ইতিহাসের পাতা ঘাঁটলে উঠে আসে ভিন্ন এক প্রেক্ষাপট। প্রাচীন বৈদিক যুগে বিভিন্ন ধর্মীয় যজ্ঞ এবং অতিথি আপ্যায়নের ক্ষেত্রে পশুবলি ও গোমাংস সেবনের উল্লেখ রয়েছে। পরবর্তী সময়ে বৌদ্ধ ও জৈন ধর্মের অহিংসার দর্শন, সামাজিক পরিবর্তন এবং ধর্মীয় সংস্কারের প্রভাবে ভারতীয় সমাজের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসে। ধীরে ধীরে ব্রাহ্মণ্য সমাজে নিরামিষ খাদ্যাভ্যাসের প্রসার ঘটে। যার সম্পূর্ণ তথ্য এখনো পাওয়া যায় গুগুল ঘাটলেই।অর্থাৎ, একদিকে মন্ত্রীর রাজনৈতিক বক্তব্য, অন্যদিকে ইতিহাসের বিভিন্ন তথ্য। ফলে এই বিতর্কে রাজনৈতিক অবস্থানের পাশাপাশি সামনে আসছে ইতিহাসের ব্যাখ্যা নিয়েও প্রশ্ন।এদিনের সভায় শুধু ধর্মীয় বিতর্কেই সীমাবদ্ধ থাকেননি মন্ত্রী। ভোট চুরি, নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি নিয়েও বাম-কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা নিয়ে কটাক্ষ করে তাঁর দাবি, কোন কোন রাজ্যে কংগ্রেসের পতাকা ধরার লোক পর্যন্ত নেই। নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক শক্তিও বিরোধীদের নেই বলে অভিযোগ করেন তিনি। অথচ তারাই বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলছে। মন্ত্রীর পাল্টা দাবি, বিজেপি ভোট চুরি করে না, উন্নয়নের মাধ্যমে মানুষের হৃদয় চুরি করেই ক্ষমতায় আসে।