img


বিশ্রামগঞ্জে প্রশাসনের অভিযানে সরানো হলো রাজনৈতিক দলের প্রচারসজ্জা, গাড়ি ভর্তি পতাকা-ফেস্টুন নিয়ে যাওয়া হলো


আইনেট  প্রতিনিধিঃ      আসন্ন পুর ও নগর সংস্থা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে তৎপর বিশ্রামগঞ্জ প্রশাসন। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো পতাকা, ফেস্টুন এবং প্রার্থীদের ছবি সম্বলিত ফ্লেক্স সরিয়ে নিয়ে গেল প্রশাসন। সিপিআইএম, তিপ্রা মথা ও বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারসজ্জা গাড়ি ভর্তি করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই কার্যকর হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। সেই আচরণবিধি মেনেই বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) প্রসেনজিৎ দাস জানান, নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী নির্ধারিত নিয়মের বাইরে, অর্থাৎ চার ফুট উচ্চতার বেশি কোনও পতাকা বা ফেস্টুন লাগানো যাবে না। এই নিয়ম অমান্য করে প্রচারসামগ্রী লাগানো হলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়বে।

তিনি আরও জানান, নিয়ম মেনেই বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন ও প্রার্থীদের ছবি সম্বলিত ফ্লেক্স খুলে নিয়ে আসা হয়েছে। উদ্ধার করা সমস্ত প্রচারসামগ্রী এআরও অফিসে জমা রাখা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর হাতে তাদের নিজ নিজ পতাকা ও ফেস্টুন ফিরিয়ে দেওয়া হবে।

নির্বাচনের আগে প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হলো, নির্বাচনী আচরণবিধি পালনের ক্ষেত্রে কোনও রাজনৈতিক দলকেই ছাড় দেওয়া হবে না।