
আইনেট প্রতিনিধিঃ রাত পোহালেই কার্তিক পূজা ।কার্তিক পূজা হলো দেব সেনাপতি কার্তিকের আরাধনা । সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, নিষ্ঠাভরে কার্তিক ঠাকুরের আরাধনা করলে পুত্র সন্তান লাভ হয়। সমৃদ্ধি এবং যশের দেবতা কার্তিক। তার কৃপায় পরিবারের সুখ ,শান্তি, বল, সাহস এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসে। কার্তিক পূজা কে সামনে রেখে সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে মৃৎশিল্পীরা কার্তিক প্রতিমা নিয়ে বিক্রির জন্য বসেছেন। দ্রব্য সামগ্রীর আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি। ছোট আকৃতির প্রতিমা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। রয়েছে ৩০০ এবং ৫০০ টাকার প্রতিমাও। এদিন বটতলা বাজারে প্রতিমা নিয়ে বসা এক মৃৎশিল্পী জানান, ক্রমশই কমে যাচ্ছে কার্তিক পূজা। আগের মত বাড়ি বাড়ি আর পূজা হয়না। যে সমস্ত বাড়ি ঘরে বয়স্ক মানুষজন রয়েছেন তারাই এই পুজোর আয়োজন করেন ।এই বয়স্ক মানুষেরা যতদিন থাকবেন ততদিন এই পূজা চলবে। বর্তমান প্রজন্ম কার্তিক আরাধনার কথা ভুলেই যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন এই মৃৎশিল্পী।