img


ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘরসহ তিনটি ঘর, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা


আইনেট  প্রতিনিধিঃ       কদমতলা আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ মোট তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাটি ঘটে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিট নাগাদ। বাড়ির মালিক শংকর পাল, পিতা সুধাময় পাল, পেশায় কদমতলা বাজারের একজন কাপড় ব্যবসায়ী। ঘটনার সময় তিনি নিজের ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন তাঁর দুই ভাইসহ পাড়ার লোকজন। পরবর্তীতে দরজা ভেঙে কোনওরকমে তাঁকে ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় শংকর পালের শরীরের প্রায় ৩০ শতাংশ আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুনের গ্রাসে ঘরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্রসহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে কোনও কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধর্মনগর মহকুমার প্রশাসনের একজন ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট (DCM) এবং কদমতলা তহশিল অফিসের তহশিলদার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে ছুটে যান। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, ক্ষয়ক্ষতির সমস্ত বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট পেশ করার পর সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তীতে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শংকর পালের ছোট ভাই সুভাষ পাল জানান, তাঁর ভাইয়ের ঘর থেকে কোনও কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সমস্ত সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে সরকার ও প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের আবেদন জানিয়েছেন তিনি।