
আইনেট প্রতিনিধিঃ উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরে সপ্তদশ ওড়িশা বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত অভিযোজন কর্মকূচিতে ভাষণ দেন। বিধায়কদের ভারতের সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার ক্ষেত্রে গঠনমূলক বিতর্ক, তথ্যসমৃদ্ধ আলোচনা, আইন প্রণয়নের দক্ষতা এবং জনকেন্দ্রিক শাসনের গুরুত্বের ওপর জোর দেন।
উপরাষ্ট্রপতি এই অভিযোজন কর্মসূচিটি আয়োজন করার জন্য অধ্যক্ষ শ্রীমতী সুরমা পাঢ়ির প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে ও বিধায়কদের তাঁদের সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালনে সক্ষম করার ক্ষেত্রে সহায়ক বলে বর্ণনা করেন।
ভারতের প্রাচীন গণতান্ত্রিক ঐতিহ্যের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বৈশালীর গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং চোল-যুগের কুড়াভোলাই ব্যবস্থার কথা উল্লেখ করেন এবং বলেন, ভারতের সভ্যতার ইতিহাসে গণতন্ত্রের গভীর শিকড় রয়েছে। তিনি বলেন, ভারত ‘গণতন্ত্রের জননী’ হিসেবে যথার্থই গর্ববোধ করে এবং ওড়িশারবিধায়কদের এই গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখার আহ্বান জানান।
নির্বাচনীবিজয়কে অবশ্যই অর্থবহ জনসেবায় রূপান্তরিত করতে হবে-এই কথার ওপর জোর দিয়েউপরাষ্ট্রপতি বলেন, “আমরা ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হই, কিন্তু জনগণের শ্রদ্ধা অর্জন করতে পারি কেবল আমাদের সেবার মাধ্যমেই।” তিনি বলেন, বিধানসভা কেবল বিতর্কের একটি মঞ্চ নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু; কারণ এখানে প্রণীত প্রতিটি নীতি, উত্থাপিত প্রতিটি প্রশ্ন এবং প্রণীত প্রতিটি আইনের মধ্যেই অগণিত নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়নের সম্ভাবনা নিহিত থাকে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ব্যক্ত ‘বিকশিত ভারত ২০৪৭’ ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের অগ্রগতির কেন্দ্রবিন্দুতে থাকবে ওড়িশার অগ্রগতি। ২০৩৬ সালে প্রদেশ হিসেবে ওড়িশার গঠনের শতবর্ষ পূর্তি আসন্ন হওয়ায়, তিনি রাজ্যটিকে একটি উন্নত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক রাজ্যে রূপান্তরিত করার ক্ষেত্রে ‘ভিশন ওড়িশা ২০৩৬’-এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, যুবকদের জন্য সুযোগ সৃষ্টি করতে এবং প্রতিটি গ্রাম ও প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দেওয়া নিশ্চিত করতে বিধায়করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তাঁর বিশ্বাস।