img


গাজায় প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি রাখেননি নেতানিয়াহু: বাইডেন


আইনেট  প্রতিনিধিঃ      গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি বারবার দিয়েও তা বাস্তবায়ন করেননি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, নেতানিয়াহুর তাৎক্ষণিক রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি পরিণতি বিবেচনা না করার প্রবণতায় ক্রমেই হতাশ হয়ে পড়েছিলেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাইডেনের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক এবং গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধের বিভিন্ন বিষয় উঠে এসেছে।

আগামী ১৭ নভেম্বর বইটি প্রকাশের কথা রয়েছে। এর আগে শুক্রবার সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশিত হয়।

স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানের মানবিক পরিণতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁকে বারবার কথা বলতে হয়েছে। বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিষয়টি নেতানিয়াহুও স্বীকার করতেন। তবে বেসামরিক মানুষের সুরক্ষায় আরও সতর্কতা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

বাইডেনের ভাষায়, ‘বিবি (নেতানিয়াহু) এমন প্রতিশ্রুতি দিতে কখনো দ্বিধা করতেন না, যেগুলো পূরণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটিই তাঁর ছিল না।’

বইয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর সঙ্গে কয়েক দফা ফোনালাপের অভিজ্ঞতাও তুলে ধরেছেন বাইডেন। তিনি জানান, ওই হামলায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ভবিষ্যতে এ ধরনের হামলা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কথা ইসরাইলি প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছিলেন তিনি।