
আইনেট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সরকার প্রধান হিসেবে ২৫ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা ও শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘মিশন হিসেবে নেতৃত্ব’ শীর্ষক প্রথম জাতীয় কর্মশালার আয়োজন করে নীতি আয়োগ। ২০০১ সালের অক্টোবর মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে নিরবচ্ছিন্নভাবে সরকার পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। জনসেবা, অন্ত্যোদয়, জনভাগীদারি এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ তাঁর প্রশাসনিক দর্শনের মূল ভিত্তি বলে কর্মশালায় তুলে ধরা হয়।
পাঁচটি জাতীয় কর্মশালার ধারাবাহিক আয়োজনের এটি প্রথম। কর্মশালায় আলোচিত বিষয়গুলি কেস স্টাডি ও প্রশিক্ষণ সামগ্রী হিসেবে তৈরি করে সিভিল সার্ভিস প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রশাসনিক নেতৃত্বের দিশা নির্ধারণেও এই উদ্যোগ সহায়ক হবে।
৯০০-রও বেশি প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৫০ জন সরাসরি আলোচনায় যোগ দেন। কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক, আকাঙ্ক্ষী জেলার জেলাশাসক, শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা ছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে।
উদ্বোধনী মূল ভাষণে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড. পি কে মিশ্র বলেন, ২০০১ সালের কচ্ছ ভূমিকম্প মোকাবিলা, কোভিড-১৯-এর বিরুদ্ধে সমন্বিত লড়াই, মহাকাশ অর্থনীতিতে ভারতের অগ্রগতি এবং লাখপতি দিদি প্রকল্প-এই অভিজ্ঞতাগুলি দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, সংবেদনশীল প্রশাসন ও মিশনভিত্তিক পরিচালনার সাফল্য তুলে ধরে।
নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অনুরাগ জৈন বলেন, ব্যক্তিগত পদমর্যাদার পরিবর্তে সম্মিলিত লক্ষ্য, নির্দেশের পরিবর্তে জনসেবা, প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ় প্রত্যয় এবং শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই নেতৃত্বের চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী অশোক কুমার লাহিড়ি বলেন, শক্তিশালী রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব ভারতের উন্নয়নের জন্য অপরিহার্য। ২০৪৭ সালের মধ্যে ৩০ থেকে ৪০ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ৭ থেকে ১০ শতাংশ বার্ষিক প্রকৃত জিডিপি বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
নীতি আয়োগের সদস্য ড: আর. বালাসুব্রহ্মণ্যম জানান, শেখা, বিশ্লেষণ, পর্যালোচনা, প্রয়োগ ও অঙ্গীকার—এই পাঁচটি পর্যায়ের মাধ্যমে কর্মশালায় নেতৃত্বের অভিজ্ঞতাকে বাস্তব প্রশাসনিক প্রয়োগের সঙ্গে যুক্ত করা হয়েছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা শ্রী উদয় কোটাক বলেন, উদ্যোক্তাদের অর্থনৈতিক বৃদ্ধি ও জাতি গঠনের চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া, আর্থিক পরিকাঠামো শক্তিশালী করা এবং স্টার্টআপ পরিবেশের বিকাশে প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
‘লিডারশিপ মোমেন্টস’ অধিবেশনে গুজরাট সরকারের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী রাজীব টোপনো ২০০১ সালের ভূমিকম্পের পর কচ্ছ পুনর্গঠনে জনভাগীদারি, সম্মিলিত সংকল্প ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠনের গুরুত্ব তুলে ধরেন।