
আইনেট প্রতিনিধিঃ বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল সরকারি সফরে ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ আরব প্রজাতন্ত্র মিশরে যান। এটি ছিল আফ্রিকার কোনো দেশে তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন, ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির সপ্তম অধিবেশনে সহ-সভাপতিত্ব করেন এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি ভারত ও মিশরের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
ভারত ও মিশরের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ঐতিহাসিক, সভ্যতাগত এবং নাগরিকদের মধ্যকার সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতার সমন্বয়ে এক বহুমুখী অংশীদারিত্বে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত-মিশর সম্পর্ক নতুন গতি পেয়েছে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে, যেখানে রাজনৈতিক, নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অভিন্ন অঙ্গীকার রয়েছে।
এই সফরের অঙ্গ হিসেবে ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির সপ্তম অধিবেশন, ভারত-মিশর যৌথ ব্যবসায়িক কাউন্সিলের ষষ্ঠ বৈঠক ও ব্যবসায়িক ফোরাম এবং ভারত-মিশর স্টার্টআপ ফোরাম অনুষ্ঠিত হয়। শ্রী পীযূষ গোয়েল আরব প্রজাতন্ত্র মিশরের প্রধানমন্ত্রী ড. মোস্তফা মাদবুলির সঙ্গে সাক্ষাৎ করেন, মিশরের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং মিশরের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
এই সফর ভারত ও মিশরের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন গতি দিয়েছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শিল্প সহযোগিতা জোরদার এবং ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উভয় পক্ষ পণ্য ও পরিষেবা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক লাভজনক কোনো পিটিএ (PTA)/এফটিএ (FTA) বা সিইপিএ (CEPA) চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ও কাঠামো নিয়ে আলোচনার জন্য একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ বা কর্মীগোষ্ঠী গঠনের বিষয়ে সম্মত হয়েছে। ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়। র কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ড. মোহাম্মদ ফরিদ সালেহ যৌথভাবে এই অধিবেশনে সভাপতিত্ব করেন। উভয় দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন হিসেবে এই যৌথ বাণিজ্য কমিটিকে মন্ত্রী পর্যায়ের মর্যাদায় উন্নীত করা হয়েছে।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যের অগ্রগতি পর্যালোচনা করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ১২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়। বাণিজ্য পণ্যে বৈচিত্র্য আনা, উচ্চ মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার জোরদার করা এবং বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জগুলি মোকাবিলার ওপর কমিটি গুরুত্ব আরোপ করেছে।
চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ৫.০৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরে মিশরীয় বাজারে ভারতের রপ্তানির পরিমাণ ছিল ৩.৮৭ বিলিয়ন মার্কিন ডলার এবং মিশর থেকে আমদানির পরিমাণ ছিল ২.৬০ বিলিয়ন মার্কিন ডলার (সূত্র: ডিজিসিআইএস - DGCIS)।
আলোচনায় কৃষি ও ভেটেরিনারি সহযোগিতা, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং পণ্য, রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল, সার, বস্ত্র, এমএসএমই, কাস্টমস, পরিষেবা খাত, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, খাদ্য নিরাপত্তা, পরিবহণ ও লজিস্টিকসসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। উভয় পক্ষই নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর, ক্রেতা প্রতিনিধি দলের আদান-প্রদান, বাণিজ্য প্রদর্শনী আয়োজন এবং ব্যবসায়িক সংযোগ স্থাপনের কার্যক্রমের ওপর জোর দিয়েছে।