img


২০২৮ সালে বামমুক্ত বিধানসভা গড়ার হুঙ্কার মুখ্যমন্ত্রী মানিক সাহার,


আইনেট  প্রতিনিধিঃ     আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি জন সভা অনুষ্ঠিত হয়। বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার বিকেল তিনটায় খোয়াইতে এক বিশাল নির্বাচনি জনসভার আয়োজন করে বিজেপির খোয়াই মণ্ডল কমিটি। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, বিজেপির প্রদেশ সহ-সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস।জনসভাকে কেন্দ্র করে এদিন খোয়াইতে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভা শুরুর আগে খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ড থেকে দলীয় কর্মী-সমর্থকরা মিছিল করে সভাস্থলে উপস্থিত হন। এরপর শুরু হয় নির্বাচনি জনসভা।সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কংগ্রেস ও সিপিআইএমকে কটাক্ষ করেন। তিনি বলেন, কংগ্রেস ও সিপিআইএমের হাতে বর্তমানে আর কোনও কাজ নেই। তারা বসে বসে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার ও অপপ্রচারে ব্যস্ত রয়েছে। বিরোধীদের এই ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে বিজেপির পাশে থাকার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে আসন্ন পৌর নির্বাচনে বিজেপি মনোনীত ১৫ জন প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আবেদন জানান। পাশাপাশি আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যকে সম্পূর্ণ বামমুক্ত করার রাজনৈতিক লক্ষ্যও ঘোষণা করেন তিনি। ২০২৮ সালে বামমুক্ত বিধানসভা গড়ার হুঙ্কার দিয়ে দলীয় কর্মী সমর্থকদের।