img


বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার রাজনীতিতেই ব্যস্ত- কংগ্রেস সিপিএমকে তোপ প্রদেশ বিজেপি সভাপতির


আইনেট  প্রতিনিধিঃ      আগরতলা পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ে বাড়ি বাড়ি ভোট প্রচারের কর্মসূচিতে ব্যস্ত বিজেপি মনোনীত প্রার্থীরা। প্রার্থীদের সাথে রয়েছেন রাজ্য নেতৃবৃন্দ। মঙ্গলবার আগরতলা পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী নীতু দে গুহ'র সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। প্রচার কর্মসূচিতে ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা ।এদিন রাজধানীর বর্ডার গোল চক্করের জয়পুর এলাকায় চলে এই জনসংযোগ কর্মসূচি। কর্মসূচিতে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগর ভোটের প্রাক্কালে কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে তোপ দাগেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। রাজ্য বিজেপি সভাপতি বলেন, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মনের মত সুন্দর সুন্দর গল্প বলা যায়। তাদের মাঠে ময়দানে গিয়ে মানুষের সাথে কথা বলতে দেখা যায় না। যারা বলছেন শহরের উন্নয়ন হয়নি তাদের আগরতলা পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম দেখে যাওয়ার আহ্বান জানান রাজ্য বিজেপি সভাপতি। কংগ্রেস নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলার ইস্যু নিয়ে ধরননা কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, এগুলি কংগ্রেসের পুরনো নাটক। তারা জানে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই রাজনীতিটা চালিয়ে যাওয়ার জন্য পলিটিক্যাল গিমিক তৈরি করে তারা জনগণকে বিভ্রান্ত করে চলছেন।