
আইনেট প্রতিনিধিঃ আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে ক্রমশ জমে উঠছে নির্বাচনী লড়াই। তবে এই ওয়ার্ডের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অন্যদের থেকে কিছুটা আলাদা। কারণ, এখানে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন সম্পর্কে মামা ও ভাগ্নে। একদিকে কংগ্রেসের মনোনীত প্রার্থী ভাগ্নে লিটন ঘোষ, অন্যদিকে বিজেপির মনোনীত প্রার্থী তাঁরই মামা রতন দাস। রাজনৈতিক ময়দানে দল আলাদা হলেও আত্মীয়তার সম্পর্কে তাঁরা একে অপরের খুব কাছের মানুষ। কিন্তু নির্বাচনের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দুজনেই নিজেদের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। নিজেদের সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ৯ নম্বর ওয়ার্ডের ভোটাররা কার মাথায় জয়ের মুকুট তুলে দেন—মামা রতন দাস, নাকি ভাগ্নে লিটন ঘোষ? সব মিলিয়ে বিশ্রামগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের এই মামা-ভাগ্নের নির্বাচনী লড়াইকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এবার ভোটের ফলাফলেই স্পষ্ট হবে, শেষ হাসি কে হাসেন—মামা, নাকি ভাগ্নে!