
আইনেট প্রতিনিধিঃ বুধবার থেকে রাজধানীর দুর্গা বাড়িতে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। পুরানে কথিত রয়েছে ,ঋষি কাত্যায়ন কঠোর তপস্যার মাধ্যমে দেবী দুর্গাকে কন্যা রূপে পেয়েছিলেন ।তাই তার নামকরণ করা হয়েছে কাত্যায়নী। পুরানে আরো কথিত রয়েছে, মহিষাসুরকে বধ করার জন্য ব্রহ্মা-বিষ্ণু এবং শিব তাদের শক্তিকে একত্রিত করে এই রূপ সৃষ্টি করেছিলেন। এই কারণে তাকে যোদ্ধা দেবী এবং মহাশক্তির এক রূপ হিসেবে পূজা করা হয়। প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে শুরু হয় এই পূজা। রাজধানীর দুর্গা বাড়িতে যুগ যুগ ধরে চলে আসছে কাত্যায়নী পূজা। আগামী শুক্রবার পর্যন্ত এই পূজা চলবে। এদিন দুর্গা বাড়ির প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য এই সংবাদ জানান। দেবী দুর্গার নবরূপের ষষ্ঠ রূপ হল কাত্যায়নী।এই পূজা উপলক্ষে দুর্গা বাড়িতে ভক্তবৃন্দের ভিড় পরিলক্ষিত হয়।