
আইনেট প্রতিনিধিঃ আসন্ন পৌর নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক উত্তাপ এখন চরমে, আর সেই আবহেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কে দখল করবে সাব্রুম নগর পঞ্চায়েতের মসনদ? এই জল্পনার মাঝেই শাসক দলের অন্দরে শুরু হয়ে গেছে রণকৌশল নির্ধারণের জোর কসরত।
জনগণের মন জয় করতে এবং নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও শাণিত করতে বুধবার সাব্রুম ঋষি অরবিন্দ অডিটোরিয়াম এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সংসদ বিপ্লব কুমার দেব, দলের দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ একাধিক নেতাকর্মী সমর্থক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নগর পঞ্চায়েতের লড়াই সবসময়ই স্থানীয় স্তরে অত্যন্ত মর্যাদার হয়ে থাকে। তাই ছোট ছোট ত্রুটিও এড়াতে এবং বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ নেতৃত্ব।
বৈঠকে উপস্থিত সংসদ বিপ্লব কুমার দেবের চোখে-মুখে ছিল জয়ের জেদ। বিগত দিনের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং বুথ স্তরে সংগঠনের ভিত আরও মজবুত করাই এই বৈঠকের মূল এজেন্ডা। দলীয় কোন্দল এড়িয়ে একসুরে লড়াই করার বার্তা এই দিন দিয়েছেন নেতৃত্ব।
সামনেই অগ্নিপরীক্ষা। সাব্রুমের রাজনৈতিক ময়দানে কে হাসবে শেষ হাসি—ভোটবাক্স খোলার আগেই তা নিয়ে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। তবে উন্নয়নের প্রতিশ্রুতি আর কৌশলী এই সাংগঠনিক বৈঠক কতটা প্রভাব ফেলবে ভোটারদের মনে, এখন সেটাই দেখার বিষয়।