
আইনেট প্রতিনিধিঃ আগরতলা পৌর নিগমের নির্বাচনে বিরোধী শক্তিকে এক ইঞ্চি জমিও ছাড়ছে না বিজেপি ,তিপ্রা মথা এবং আইপিএফটি নেতৃত্ব। ৫১ টি ওয়ার্ডে বিরাট জয়ের প্রত্যাশা নিয়ে ত্রিদলীয় জোট বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করেছে। বুধবার আগরতলা পৌর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী ভাস্বতী দেববর্মার সমর্থনে বিজেপি ,তিপ্রা মথা এবং আইপিএফটি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি ভোট প্রচার করে। এই প্রচার কর্মসূচিতে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুলিয়েল দেববর্মা, প্রাক্তন সিইএম পূর্ণ চন্দ্র জমাতিয়া ,মেয়র দীপক মজুমদার সহ প্রচুর সংখ্যক কর্মী সমর্থক। এদিন ভোট প্রচার কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী রতনলাল নাথ জানান, উন্নয়নের নিরিখেই আগরতলা পৌরনিগমের ৫১ টি ওয়ার্ডে আমরা যৌথভাবে প্রচার শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আমাদের প্রত্যাশা। এই বিরাট জয়ের কারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, গত ৫ বছরে আগরতলা শহরে ইট সোলিং রোড হয়েছে ৪০ কিলোমিটার, সিসিআরসিসি রোড হয়েছে ৭৭ কিলোমিটার, ওপেন ড্রেন হয়েছে ৭০ কিলোমিটার ,কভার ড্রেন নির্মাণ হয়েছে ৬ কিলোমিটার, পেভার ব্লক হয়েছে ৪০ কিলোমিটার। গত পাঁচ বছরে শহরের উন্নয়নকল্পে ব্যয় হয়েছে ৫৪৮ কোটি টাকা। মন্ত্রী আরো জানান ,দেশের ২২ টি স্মার্ট সিটির মধ্যে সঠিক সময়ে সঠিকভাবে অর্থ ব্যয় করার জন্য বিশেষভাবে পুরস্কৃত হয়েছে আগরতলা পৌরনিগম। মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন ,এই সমস্ত উন্নয়নের নিরিখেই আমরা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি।