img


বিরোধীদের অস্তিত্ব রক্ষা স্বার্থেই তাদের প্রচার সংবাদ মাধ্যমে বন্ধ রাখা উচিত -মন্ত্রী রতন লাল নাথ


 আইনেট  প্রতিনিধিঃ      নগর ভোটের প্রচারে নেমে কত কথাই না বলছেন মন্ত্রী রতন লাল নাথ। কখনো অংক আওরে বলে দিচ্ছেন ২৮ শের নির্বাচনে বিরোধীরা কয়টি আসন পেতে পারে সেই কথা। আবার কখনো বলছেন তিনি রাজনৈতিক চিকিৎসক ,আরো কত কি। বৃহস্পতিবার আরো একটি মন্তব্য পাড়লেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন রাজ্যের বিরোধীদের টিকিয়ে রাখার স্বার্থে তাদের সংবাদ প্রচার বন্ধ রাখার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রীর মতে, মিডিয়ার দৌলতে বর্তমান সময়ে ঘরে বসেই প্রচার পেয়ে যাচ্ছেন বিরোধী নেতারা। মাঠে-ঘাটে গিয়ে মানুষের সাথে মেলামেশা করছেন না, মানুষের সুখ-দুঃখের কথা জানছেন না। মন্ত্রীর মতে বিরোধী নেতাদের মনোভাব এই, যখন ঘরে বসেই প্রচার পেয়ে যাচ্ছেন তখন মাঠে গিয়ে কি লাভ। আর এতে করে বিরোধীরা রাজ্যে আরও দুর্বল হচ্ছে ।এতে ক্ষতি হচ্ছে গণতন্ত্রের।    উল্লেখ্য রাজনৈতিক মন্তব্য করার ক্ষেত্রে মন্ত্রী রতনলাল নাথের জুড়ি মেলা সত্যিই ভার। রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল মন্ত্রী রতন লাল নাথের মধ্যে রাজ্যের প্রাক্তন প্রয়াত মন্ত্রী অনিল সরকারের ভাবধারা লক্ষ্য করতে পারছে। বর্তমান কালে মন্ত্রী আছেন বলেই নয়, কংগ্রেস দলের বিধায়ক থাকাকালীন সময়েও কি জনসভায়,  কি বিধানসভায়, রতনলাল নাথের বিভিন্ন রাজনৈতিক মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন তুলত। মন্ত্রী হওয়ার পরও তার বিভিন্ন মন্তব্য তথ্যভিজ্ঞ মহলে আলোড়ন সৃষ্টি করে চলছে।