
আইনেট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পটি বাস্তবায়নে সেরা পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যকে ‘স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে এই পুরস্কার প্রদান করেন। অন্যান্য স্বীকৃতিপ্রাপ্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, সিকিম ও মিজোরাম। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের অধীনে পথবিক্রেতাদের জীবন-জীবিকার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল পরিষেবার প্রসার এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, নগর সংস্থা, ঋণদানকারী প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাগুলির উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
ত্রিপুরা ‘স্বনিধি সে সমৃদ্ধি’ বিভাগে উত্তর-পূর্ব ও পার্বত্য রাজ্যগুলির মধ্যে সেরা পারদর্শিতার জন্য এই সম্মান অর্জন করেছে। এই স্বীকৃতি রাজ্যে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মাধ্যমে পথবিক্রেতাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাঁদের বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে গৃহীত উদ্যোগের সাফল্যকে তুলে ধরেছে।
কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী তোখন সাহু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, নগর স্থানীয় সংস্থা, ব্যাঙ্ক এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এবারের পুরস্কার তালিকাতে ছিল মোট ৫২টি পুরস্কার এবং পাঁচটি বিশেষ স্বীকৃতির ব্যবস্থা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল বলেন, অন্ত্যোদয়ের ভাবনাকে বাস্তবায়িত করে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণ করতে হলে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধা দেশের প্রত্যেক যোগ্য পথ বিক্রেতাদের কাছে পৌঁছে দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে পথ বিক্রেতাগণ প্রাথমিক ঋণ সহায়তা থেকে ক্রমশ বেশি অঙ্কের ব্যাঙ্ক ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন এবং নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন। এর ফলে তাঁদের জীবিকা, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী হচ্ছে।
পথ বিক্রেতাদের ‘স্ট্রিট ওয়ান্ডার্স’ আখ্যা দিয়ে মন্ত্রী তাঁদের উদ্যোগী মানসিকতা, প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা এবং ছোট ব্যবসাকে সফল উদ্যোগে পরিণত করার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার, ব্যাঙ্ক এবং নগর স্থানীয় সংস্থাগুলির সম্মিলিত প্রচেষ্টাই এই প্রকল্পের সাফল্যের মূল ভিত্তি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শ্রী তোখন সাহু বলেন, দারিদ্র্য থেকে মানুষের উত্তরণের বিষয়টি কোনও একটি প্রকল্পের মাধ্যমে নয়, বরং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক উদ্যোগের সম্মিলিত প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের অক্টোবর মাসের প্রতিবেদন উল্লেখ করে তিনি জানান, ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন।