
আইনেট প্রতিনিধিঃ মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক পাচার চক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সংবাদমাধ্যমের সক্রিয় ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই উদ্দেশ্যে আজ আসামের শিলচরে প্রেস ইনফরমেশন ব্যুরো, গুয়াহাটির উদ্যোগে জেলা পর্যায়ের সংবাদমাধ্যম কর্মশালা ‘বার্তালাপ’-এর আয়োজন করা হয়। কর্মশালায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আধিকারিক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর মাধ্যমে মাদকদ্রব্যের চাহিদা কমানো, জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং মাদকাসক্তদের পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ থেকে মাদক পাচারকারী নেটওয়ার্ক নির্মূল করার যে লক্ষ্য নেওয়া হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা কর্মশালায় তুলে ধরা হয়।
কর্মশালায় সাম্প্রতিক ‘অপারেশন ত্রিশূল’-এর পরিবর্তে ‘অপারেশন ট্রাইডেন্ট’-এর উদাহরণ তুলে ধরে মাদক পাচারের আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযানের গুরুত্ব ব্যাখ্যা করা হয়। গত ২৩ অক্টোবর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আসাম, মিজোরাম ও মণিপুরের ৩৮টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। মোট ৩৮টি দল এই অভিযানে অংশ নেয়। ভারত,মায়ানমার বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী করিডরকে কেন্দ্র করে সক্রিয় মাদক পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়াই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।
তদন্তে আসামের কাছাড়-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন পথকে মাদক পরিবহণের করিডর হিসেবে ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। প্রশাসনের তরফে মাদক সরবরাহের উৎস ও পাচার নেটওয়ার্ক ধ্বংস করার পাশাপাশি নেশামুক্ত ভারত অভিযানের মাধ্যমে মাদকের চাহিদা কমানোর উপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মশালায় পিআইবি, গুয়াহাটির যুগ্ম অধিকর্তা পাবনী গুপ্তা বলেন, মাদকাসক্তি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা গড়ে তোলা এবং সমাজকে এই বিপদের বিরুদ্ধে সংগঠিত করতে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরদর্শন ও আকাশবাণী নিউজ, গুয়াহাটির যুগ্ম অধিকর্তা ও প্রধান অঙ্কুর লাহোটি। সরকারি উদ্যোগে আয়োজিত এ ধরনের কর্মশালায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণের গুরুত্ব তিনি তুলে ধরেন।
কাছাড়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভাস্কর শিখা শইকিয়া নেশামুক্ত ভারত অভিযান বাস্তবায়নে কাছাড় পুলিশের ভূমিকা ও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্দেহভাজন ব্যক্তি ও মাদক পাচারকারী নেটওয়ার্ক শনাক্তকরণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও পদ্ধতি অনুসরণ করা হয়।
তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপ-অধিকর্তা ডা. হেমন্ত দত্ত মাদকাসক্তিকে নৈতিক অবক্ষয় হিসেবে না দেখে চিকিৎসাযোগ্য স্বাস্থ্যসমস্যা হিসেবে বিবেচনা করার উপর জোর দেন। তাঁর মতে, মাদকাসক্তির প্রাথমিক লক্ষণগুলি দ্রুত শনাক্ত করা, প্রয়োজন অনুযায়ী চিকিৎসাকেন্দ্রে পাঠানো এবং ধারাবাহিক চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
তিনি দেশে মাদক ব্যবহারের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে জানান, ভারতে আনুমানিক ১৬ কোটি মানুষ মদ্যপান করেন, ৩ কোটি ১০ লক্ষ মানুষ গাঁজা ব্যবহার করেন এবং ২ কোটি ২৬ লক্ষ মানুষ আফিমজাত মাদক গ্রহণ করেন। বিশেষ উদ্বেগের বিষয় হলো, অ্যালকোহল নির্ভরতার সমস্যায় আক্রান্ত প্রতি ৩৮ জনের মধ্যে মাত্র একজন চিকিৎসা পরিষেবা পান। এই পরিস্থিতিতে চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসন পরিষেবার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে ২৪ ঘণ্টা চালু থাকা জাতীয় নেশামুক্তি হেল্পলাইন নম্বর ১৪৪৪৬-এর কথাও তুলে ধরা হয়।